সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভুল প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও সিসি ক্যামেরা অচল থাকায় আরো একটি কেন্দ্রের সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। অভিযোগ রয়েছে, কেন্দ্রের তিনটি কক্ষে মোট ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষার্থীরা বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানালেও শুরুতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
শিক্ষকদের এমন ভয়াবহ অবহেলার বিষয়টি আমলে নিয়ে কঠোর অবস্থানে যায় ঢাকা শিক্ষা বোর্ড। আজ বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এক আদেশে ওই কেন্দ্রের ১১ জন কক্ষ পর্যবেক্ষককে এসএসসির যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। যারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কর্মরত।
একই আদেশে, ঘটনার মূল দায়ভার যার ওপর, সেই কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জোর সুপারিশ করেছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শিক্ষকদের এমন খামখেয়ালিপনায় পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
পরবর্তীতে সকাল সাড়ে ১১টার দিকে ভুল ধরা পড়লে পরীক্ষার্থীদের নতুন করে ২০২৬ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পাশাপাশি অতিরিক্ত সময় হিসেবে প্রায় দেড় ঘণ্টা বাড়ানো হয় এবং পরীক্ষা দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত চলতে থাকে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত অতিরিক্ত সময় পূর্ণ হওয়ার আগেই খাতা খাতা নিয়ে নেন শিক্ষকরা।
কয়েকজন পরীক্ষার্থী জানান, তারা বারবার ভুল প্রশ্নের বিষয়টি জানালেও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তা আমলে নেননি। পরে দীর্ঘ সময় পর প্রশ্ন পরিবর্তন করা হয়, যা তাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে।
অভিভাবকরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, কেন্দ্রসচিবের দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে।
তারা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন সরকার বলেন, ‘ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। পরে সংশোধন করে অতিরিক্ত সময় দিয়ে ২০২৬ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, বিষয়টি জানার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি এ ঘটনায় কেন্দ্রসচিবকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও পরীক্ষা চলাকালে সিসি ক্যামেরা সচল পাওয়া যায়নি। যে কারণে হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিবকেও সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
