সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে সারাদেশের ন্যায় সোনারগাঁওয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের অফিসার ইনচার্জ কামালউদ্দিন।
জাতির বীর সন্তানদের পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান ও সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো: মহিবুল্লাহ, তদন্ত ওসি রাশেদুল হাসান খান ও টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের সিনিয়র সহ-সভাপতি ও বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: মোক্তার হোসেন।
উল্লেখ্য যে, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন জাতির বীর সন্তানরা। একুশের প্রথম প্রহরে, রাত ১২টা ১ মিনিট থেকেই সারাদেশের সব শহীদ মিনারে ঢল নামে মানুষের। দিবসটিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
এদিকে, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত বারোটা বাজার এক মিনিট আগে শহীদ বেদীতে পৌঁছে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ভাষা শহীদদের জন্য দোয়া করেন।
