সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ইফতারের কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় স্থানীয় জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পরে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরুল আলম বলেন, শিল্প এলাকা হওয়ায় আমাদের বাড়ির ১০ টি রুমে ১০ টি পরিবার দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলো। আগুন নিয়ন্ত্রণে আনার আগপর্যন্ত সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিস ইনচার্জ মো: জাহেদ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৩টি ইউনিট ১ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সর্বমোট ৩জন বাড়িওয়ালার ১৮টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সুনির্দিষ্ট ভাবে জানানো সম্ভব নয়।
