নারায়ণগঞ্জ-৩ আসনের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ভোট কেন্দ্রের ভেতর ব্যালট বক্স ও ব্যালট পেপারে সিল মারার প্রস্তুতি নিচ্ছেন একজন প্রিজাইডিং অফিসার— এমন অভিযোগের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই প্রেক্ষাপটে মো. বশিরুল হক ভূইয়া নামের প্রিজাইডিং অফিসারের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতন্ডা এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে, যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৭টায় নাসিক ৮নং ওয়ার্ডের অধীন ধনকুন্ডা পপুলার হাই স্কুলে (১৯০ নং ভোট কেন্দ্র) এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, প্রিজাইডিং অফিসার বশিরুল হক ভূইয়া সিদ্ধিরগঞ্জ থানা শাখা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি একটি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
বশিরুল পূর্বে স্থানীয় জামায়াতের পদাধিকারী ছিলেন, এই খবরটি চাউর হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট বক্স ও ব্যালট পেপারে সিল মারার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
পরবর্তীতে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে, বিষয়টি তদন্ত করে, ঘটনার সত্যতা পায়নি।
সিদ্ধিরগঞ্জের দায়িত্বে নিয়োজিত সহকারি রিটার্নিং অফিসার শাহিনা ইসলাম চৌধুরী এ ঘটনার সত্যতা পাননি বলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া যায়নি। মূলত বশিরুল হকসহ আমাদের প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী কাগজপত্র গোছানোর কার্যক্রম (পরিচালনা) করছি। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার সত্যতা মেলেনি এবং তিনি প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, রিটার্নিং অফিসারসহ আমরা উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাইনি।
