সোনারগাঁওয়ে ৪ দিন পর অপহরণকারীকে গ্রেফতার করলেও উদ্ধার হয়নি অপহৃত প্রবাসী - News Of Sonargaon

শিরোনাম

Thursday, January 30, 2025

সোনারগাঁওয়ে ৪ দিন পর অপহরণকারীকে গ্রেফতার করলেও উদ্ধার হয়নি অপহৃত প্রবাসী

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোহাম্মদ আলী নামের এক ডেনমার্ক প্রবাসীকে অপহরণকারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া হত্যা মামলার আসামী সামসুজ্জামান মোল্লা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনি সাতভাইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বাসেত মিয়ার ছেলে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া হত্যা মামলার ১৩৫নং আসামী। তবে রনি মোল্লার পরিবারের পক্ষ থেকে অপহরণের বিষয়টি অস্বীকার করেছেন। মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর কথা বলে সামসুজ্জামান রনির কাছ থেকে ৯০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে রনি তাকে পেয়ে ডেকে নিয়ে এনে টাকা উদ্ধারের চেষ্টা করেন।


পুলিশ জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বাসেত মিয়ার ছেলে সামসুজ্জামান মোল্লা রনির সাথে মদনপুর চাঁনপুর গ্রামের ডেনমার্ক প্রবাসী মোহাম্মদ আলীর সাথে পূর্ব শত্রুতার চলে আসছিল। পরে গত ২৫ জানুয়ারী শনিবার মদনপুর এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। তাকে মুক্তিপন হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়। এঘটনায় অপহৃত প্রবাসীর স্ত্রী শরমিলা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা  দায়ের করেন। পরে বৃহস্পতিবার সকালে সাতভাইয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় সামসুজ্জামান রনিকে গ্রেপ্তার করে। তবে অপহৃত প্রবাসীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।


পুলিশ আরো জানায়, গত ৪ আগষ্ট বিকেলে কাঁচপুর কলাপট্টি এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পন্ড করার জন্য ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি ছোড়ে। এসময় কাঁচপুর বিসিকে কর্মরত মক্কা ইন্ড্রাষ্ট্রিজের শ্রমিক আশিক মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২২ আগষ্ট নিহতের মা কুলসুম বেগম ১৬৫জনের নাম উল্লেখসহ আরো ২শ থেকে ৩শ জনকে আসামী করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনিকে ১৩৫ নং আসামী করা হয়।


গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনির বড় ভাই মনির হোসেন মোল্লা বলেন, মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর কথা বলে রনির কাছ থেকে ৯০ লাখ টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। যাদের কাছ থেকে রনি টাকা নিয়েছে তারাও তাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মোহাম্মদ আলী প্রকাশ্যে আসার পর তাকে ডেকে এনে টাকা উদ্ধারের চেষ্টা করেন। তবে তাকে অপহরণ করা হয়নি। 


স্থানীয় বাসিন্দা হাসান মাহমুদ জানান, রনি মোল্লা বিদেশে লোক পাঠানোর আদম ব্যবসার সাথে জড়িত। গত ৫-৬ মাস যাবত সোনারগাঁয়ের বেশ কিছু মানুষকে ইউরোপে পাঠানোর কথা বলে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। 


সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, রনিকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় শ্যান এরেস্ট দেখানো হবে।