সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, October 16, 2024

সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় বুধবার (১৬ অক্টোবর) ভোর রাতে পিরোজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনে গভীর রাতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে আন্তঃজেলা ডাকাত দলের সংঘবদ্ধ একটি চক্র। পরে ভোর প্রায় ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনের বালুর এলাকায় অভিযান চালিয়ে ধাওয়া করে বদিউজ্জামান ও হালিম নামের দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।


এসময় তাদের সাথে থাকা অন্য ডাকাতরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাত বদিউজ্জামান (৩৭) পিরোজপুর ইউপির জৈনপুর গ্রামের আইউব আলী বেপারীর ছেলে ও হালিম (৩৪) একই ইউপির মনাইকান্দী গ্রামের আঃ খালেক মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।