সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার এবং তার দুই ভাই মাসুদ খন্দকার ও সাঈদ খন্দকারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে এবং উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় এক বক্তব্যে মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণ বলেন, 'এখন থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। এভাবে যদি বিনা কারণে ও বিনা তদন্তে মামলা দিয়ে আমাদের কোন নেতা-কর্মীকে হয়রানী করা হয় তাহলে আমরা প্রধান উপদেষ্টাকে জানাতে বাধ্য হবো। যতক্ষণ পর্যন্ত জাহিদ খন্দকার ও তার ভাইদের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমরা এ বিষয়ে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিবো। এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আমরা সোনারগাঁ থানার এই ওসির অপসারণ চাই'।
উল্লেখ্য, শনিবার বন্দর উপজেলার দশদোনা এলাকার ফাতেমা বেগম নিখোঁজ হলে রবিবার সকালে সোনারগাঁ উপজেলার বস্তল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জাহিদ খন্দকার, তার দুই ভাই মাসুদ খন্দকার ও সাঈদ খন্দকারকে আসামী করে সোমবার সোনারগাঁ থানায় একটি হত্যামামলা হয়েছে বলে জানা গেছে।
বুধবার অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহাদাত মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, বন্দর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব, ধামগড় ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলমগীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আপন, মদনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুন মিয়া, সাধারণ সম্পাদক শাহিন শাহ মিঠু, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান, মুছাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তাঁরা মিয়া, নারায়ণগঞ্জ মহানগর ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদ, রিফাত সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
