সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জুয়া খেলা নিয়ে তর্ক- বিতর্কের
জের ধরে রাকিব হোসেন (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জামপুর
ইউনিয়নের পাকুন্ডা কমিউনিটি ক্লিনিকের পাশে আলী হোসেনের বাড়িতে সে গুলিবিদ্ধ হয়।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। লাশ
ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায়
সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত রাকিব হোসেন নারায়ণগঞ্জের
আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের
পাকুন্ডা এলাকায় বসবাসরত আলী হোসেনের বাড়িতে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত
জুয়ার আসর ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। রাজধানী ঢাকাসহ আশপাশের কয়েকটি
উপজেলার প্রভাবশালী জুয়াড়িরা প্রতিদিন ওই বাড়িতে এসে জুয়ার আসর বসাত। র্যাব ও
পুলিশ সদস্যরা একাধিকবার ওই বাড়িতে হানা দিলেও জুয়া ও মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব
হয়নি।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বালিয়াপাড়া গ্রামের
তারা মিয়ার ছেলে রাকিব হোসেন ওই বাড়িতে এসে জুয়া খেলায় লিপ্ত হয়। এক পর্যায়ে
বালিয়াপাড়া গ্রামের সন্ত্রাসী মাসুদ এসে রাকিবের কাছে জুয়া খেলার পাওনা টাকা দাবি
করে। এ সময় তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসী মাসুদ তার কোমর
থেকে পিস্তল বের করে রাকিবের বুকে গুলি ছোড়ে। মুমূর্ষু অবস্থায় রাকিবকে উদ্ধার করে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা
যায়।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম
জানান, জুয়া
খেলার পাওনা টাকাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার
যুবক ও অপরাধী দুজনেই বহিরাগত। তারা পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলা থেকে এসে এ
ঘটনা ঘটিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি
চলছে।
