নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে পিরোজপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া জাতীয় পার্টির রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন।
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব হল রুমে এক সংবাদ সম্মেলনে সব ধরনের রাজনীতি থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দেন।
পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া বলেন, আমি দীর্ঘদিন বিএনপির সক্রিয় রাজনীতিতে ছিলাম। আওয়ামী লীগের সরকার আসার পর আমাকে ও আমার বড়ছেলে রাসেল ভূঁইয়াকে বিভিন্ন রাজনৈতিক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। বর্তমানে মহাজোট সরকারের নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা আমাকে আরো মামলার ভয় দেখিয়ে জাতীয় পার্টিতে যোগ দিতে বললে আমি মৌখিক ভাবে যোগ দেই।
তিনি আরো বলেন, আমার ছেলের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা হলে ভয়ে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হই। বর্তমানে আমি আমার ব্যক্তিগত ও পারিবারিক কারণে জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
অন্যকোন রাজনৈতিক দলে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির মানুষ। বিগত ১৫ বছর সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর ইউপি'র সভাপতি ছিলাম। তাই, আমি যদি আবার কখনো রাজনীতিতে ফিরে আসি তাহলে বিএনপির রাজনীতিতেউ ফিরবো। আপাতত কোন দলের সঙ্গে রাজনীতিতে জড়িত থাকবো না।
