সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১২'শ অবৈধ আবাসিক ও প্রায় ৩ কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন এ অভিযান পরিচালিত করেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ।
তিনি জানান,সোনারগাঁ উপজেলার সাদিপুর , নয়াপুর সম্মেলন মাঠ সংলগ্ন এবং মিরেরটেক বাজাররে ৪টি স্পট সনাক্ত করে আনুমানিক ১২০০ আবাসিক চুলার অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৫০০ ফিট পাইপ জব্দ করা হয়।
অভিযানকালে তিতাস গ্যাসের সোনারগাঁ জোনাল অফিসের প্রকৌশলী রিয়াজুল ইসলাম,সহকারী প্রকৌশলী সোহেল,শাহিন, সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
