সোনারগাঁওয়ে টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক দগ্ধ - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, August 29, 2023

সোনারগাঁওয়ে টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক দগ্ধ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে "কেনটাকি টেক্সটাইল মিলে" বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।



আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।


দগ্ধরা হলেন, টেক্সটাইল মিলের শ্রমিক মোস্তফা (৫০), আলআমিন (২৫) ও শাহিনুর (২৫)। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা টেক্সটাইল মিলটির গাড়িচালক মো. শাহ আলম জানান, মিলের ভিতর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তারা ৩ জন দগ্ধ হয় বলে শুনতে পেরেছেন তিনি। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে তা তার জানা নেই। ঘটনার পর তার গাড়িতে করে দগ্ধদেরকে ঢাকায় নিয়ে আসেন।


এদিকে টেক্সটাইল মিলটির প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন জানান, সোনারগাঁও মোরড়াপাড়া এলাকায় তাদের মিলের পাশ দিয়েই উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার আছে। সেখান থেকেই তারা ৩ জন কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছেন।


চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তাদের ৩ জনকেই ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।