সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়ার ৭ দিন পর সাদেক শিকদার নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ মে) বিকেল ৫ ঘটিকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পিরোজপুর এলাকার মেনিখালী ব্রিজের পাশে পরিত্যক্ত জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে সোনারগাঁ থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত হাজী সাদেক শিকদার (৭০) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মৃত জব্বার মাষ্টারের ছেলে। দীর্ঘ ২২ বছর যাবত মোগরাপাড়া বাড়িমজলিস এলাকায় একমাত্র মেয়ে ও মেয়ের জামাতার সঙ্গে একসাথে বসবাস করে আসছিলেন তিনি।
নিহত সাদেক শিকদারের জামাতা মোসলেম উদ্দিন বলেন, আমার পরিবারের সাথেই বসবাস করতেন আমার শ্বশুর। গত মঙ্গলবার (১৬ মে) আসরের নামাজ আদায় করতে বের হয়ে আর বাসায় ফেরেননি।আমার ছেলে সাইফুল ইসলাম শাওন এরপরের দিন সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং ৮৩২।
ঘটনাস্থলে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশটি উদ্ধার করি। উদ্ধারের পর স্বজনরা এসে লাশ সনাক্ত করলে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে।