সোনারগাঁওয়ে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের পিকনিকের বাসে বখাটেদের হামলা, আহত ২০ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, March 11, 2023

সোনারগাঁওয়ে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের পিকনিকের বাসে বখাটেদের হামলা, আহত ২০

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ও পানাম নগরীতে শিক্ষা সফরে এসে স্থানীয়দের বিবাদে জড়িয়ে হামলার শিকার হয়েছেন সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁও পৌরসভার পানামসিটির পার্কিং এড়িয়ায় কলেজ বাসে হামলার ঘটনা ঘটে। এতে সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রীসহ ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।


সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন নাঈম বলেন, সোনারগাঁওয়ের পানাম সিটি ভ্রমণের শেষে র‍্যাফল ড্রয়ের সময় তিতুমীর কলেজের মেয়ে শিক্ষার্থীদের কয়েকজন বখাটে ইভটিজিং করে। এ সময় প্রতিবাদ করায় শিক্ষার্থীদের সঙ্গে বখাটেদের কথা কাটাকাটি হয়। পরে কলেজের উদ্দেশ্যে যখন বাস ছেড়ে যাবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তারা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফি ও সুপ্তি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।


তিনি আরো জানেন, আমরা ৯৯৯-এ কল করলে সোনারগাঁ থানা পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতারা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


হামলার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি (অপারেশন) মো. মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। এ ঘটনার সঙ্গে স্থানীয় বখাটেরা জড়িত বলে প্রাথমিক তদন্তে জানতে পারি। দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।