সোনারগাঁয়ে চার কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার
নিউজ অব সোনারগাওঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চার কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন ও মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার আনন্দবাজার কারেন্ট জালের দোকানে অভিযান চালায়। এ সময় মো. গোলজারের দুইটি দোকান থেকে ৪০ বস্তা, কবিরের দোকান থেকে ৫ বস্তা ও মোহাম্মদ হোসেনের দোকান থেকে ১০ বস্তাসহ চার কোটি টাকার মোট ৫৫ বস্তা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। অভিযান চলাকালে দোকানিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি। সোনারগাঁও বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের পরিদর্শক আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারিদের সহায়তা করেন।
