কুমিল্লা (উত্তর) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনায় দীর্ঘদিনের জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, গাছ কেটে ফেলা এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মেঘনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগে বলা হয়, মেঘনা থানাধীন চালিতাভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামের বাড়িতে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা পূর্ববিরোধের জেরে তাকে তার মালিকানাধীন সম্পত্তি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২২ আগস্ট ২০২৬, শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বাড়িতে প্রবেশ করেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, বাড়িতে প্রবেশের পর অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ এবং গালিগালাজ করেন। একপর্যায়ে তারা বাড়িতে অবস্থানরত পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্রসদৃশ বস্তু নিয়ে বাড়িতে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করেন। তাদের হাতে থাকা দা ও ধারালো অস্ত্র দিয়ে গাছপালা ও সম্পত্তির ক্ষতিসাধন করেছে। এছাড়া তাদের বহুমূল্য স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়।
অভিযোগকারী মো. আক্তার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধের কারণে অভিযুক্তরা তাকে উচ্ছেদের চেষ্টা করে আসছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
অভিযুক্ত ব্যক্তির মুঠোফোন বন্ধ পাওয়ায় বক্তব্য গ্রহণ সম্ভব হয়নি।
মেঘনা থানার ওসি জানায়, একটি লিখিত অভিযোগ দখিল করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।